ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানে হামলার মতো বাস্তবিক অর্থে আর উল্লেখযোগ্য কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই এবং খুব শিগগিরই সেখানে যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। প্রায় পাঁচ মিনিটের ওই কথোপকথনে তিনি বলেন, পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে বড় ধরনের লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে।
ট্রাম্প বলেন, “এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু অবশিষ্ট থাকতে পারে। তবে আমি যখনই চাইব, এটি শেষ হবে—তখনই এটি শেষ হয়ে যাবে।”
যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে কি না—এমন প্রশ্নে গত কয়েক দিনে ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবারের সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে এই সামরিক অভিযানের পরিকল্পনা ছিল ছয় সপ্তাহের একটি লড়াই হিসেবে।
তার ভাষায়, “যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি ছয় সপ্তাহের মূল পরিকল্পনায় যতটা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরান শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছিল না, বরং পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল।
তিনি বলেন, গত ৪৭ বছর ধরে ইরান যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মূল্য দিতে হচ্ছে। ট্রাম্পের ভাষায়, “এটি তাদের কর্মের ফল। তারা এত সহজে পার পাবে না।”
