সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট! আর সেটাই চরম বিপদ ডেকে আনল যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির জন্য। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। কী সেই পোস্ট? জানেন কি?
গত বছর ইনস্টাগ্রামে কোমি সমুদ্রতটে শামুকের খোল দিয়ে ‘৮৬ ৪৭’ লিখে একটি ছবি পোস্ট করেন। সমালোচকরা বলছেন, এটি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইঙ্গিত। কেন? কারণ আমেরিকার কথ্য ভাষায় ‘৮৬’ মানে হলো ‘কাউকে সরিয়ে ফেলা বা বাদ দেওয়া’। আর ট্রাম্প তো যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তাহলে ‘৮৬ ৪৭’ মানে দাঁড়ায়— ‘৪৭কে সরিয়ে দাও’!
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, কারও প্রাণনাশের হুমকি দেওয়া অপরাধ। আর সেটা যদি মার্কিন প্রেসিডেন্ট হন, তাহলে তো একদমই সহ্য করা হবে না।
অভিযোগপত্রে কোমির বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। এক. প্রেসিডেন্টের জীবননাশের হুমকি দেওয়া। দুই. সেটা ইন্টারস্টেট যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। সেখানে বলা হয়েছে, সাধারণ জ্ঞানসম্পন্ন যে কেউ এই ছবি দেখলে বুঝবেন— এটা ট্রাম্পের ক্ষতি করার গুরুতর ইঙ্গিত।
তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কোমি। তাঁর আইনজীবীরা বলছেন, এই মামলা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
