রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালিয়ান রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ঘরোয়া বোমা বহনকারী এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দিলে বিস্ফোরণ ঘটে । স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু আগে কুড্রিনস্কায়া স্কোয়ারের ‘বালজি রসি’ ইতালিয়ান রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে ।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই নারী রেস্তোরাঁর ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে আটকান। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে, যাতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর একজন গ্রাহক নিহত হন । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ফুটেজে দেখা গেছে, সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন । রেস্তোরাঁর ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার সেখানে একটি বেসরকারি অনুষ্ঠান ছিল । এই ঘটনায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এটিকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ।
ঘটনার পটভূমি
ঘটনার কারণ ও কারা দায়ী হতে পারে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তবে রাশিয়ার ব্যবসায়িক দৈনিক কোমারসান্ত জানিয়েছে, বোমাটি রেস্তোরাঁর খোলা বারান্দায় থাকা অতিথিদের আঘাত করার জন্যই তৈরি করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নারী হয়তো জানতেন না তিনি বোমা বহন করছেন; বরং দূর থেকে অন্য কেউ এটি বিস্ফোরণ ঘটিয়েছে ।
গত চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। এরই মধ্যে মস্কোতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যা ও হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে, যার জন্য রাশিয়া কিয়েভকে দায়ী করে আসছে । যদিও এই হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ, তবুও ঘটনার গুরুত্ব অপরিসীম। রাশিয়ার রাজধানীতে যুদ্ধের প্রভাব কতটা গভীর, তা এই হামলা ফের তুলে ধরল। অনেক মুসকোভাইট এই বিস্ফোরণকে যুদ্ধের সঙ্গেই যুক্ত করছেন ।