মাইক পেন্সের বাড়িতে তল্লাশী, গোপন নথি উদ্ধার

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়িতে তল্লাশী চালিয়ে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করেছে। শুক্রবার পেন্সের বাড়িতে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালে এই তথ্য জানিয়েছেন।

জানুয়ারীর শেষের দিকে পেন্সের বাড়ি থেকে প্রথম দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের এক অভিযান চালায় এফবিআই। আর এরই দুই সপ্তাহের মাথায় আবারও নথি উদ্ধারের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও এর আগে গোপন নথি উদ্ধার করা হয়। বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে এরই মধ্যে তদন্তও শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভসকে জানায়, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত গোপন নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স। পরে প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিতও করা হয়েছে। উদ্ধারকৃত এসব নথিতে কী তথ্য আছে সেটি নিশ্চিত করেনি এফবিআই।

এনবিএস/ওডে/সি

Walton Ads