এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার চিকিৎসকরা জানান, মাল্টি অর্গান ফেইলিওর হয়ে কল্যাণী কাজীর মৃত্যু হয়েছে।
কল্যাণী কাজীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে বলেন, কল্যাণী কাজীর প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয় ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি গত নভেম্বর থেকে কলকাতার যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানে পেসমেকার বসানো হয় তাঁর। এরপরও তাঁর শারীরিক অবস্থান উন্নতি হয়নি।
কল্যাণী কাজীর ছেলে অরিন্দম কাজী জানান, বর্তমানে এসএসকেএম হাসপাতালেই রয়েছে কল্যাণী কাজীর মৃতদেহ। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মেয়র ফিরহাদ হাকিম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন হাসপাতালে আসার কথা রয়েছে। তাদের দিকনির্দেশনা মত মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, কল্যাণী কাজীর গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
এনবিএস/ওডে/সি