ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল শিপিং কোম্পানি মারেস্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল শিপিং কোম্পানি মারেস্ক

লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল শিপিং কোম্পানি মারেস্ক

একটি জাহাজে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলার ঘটনার পর জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগর এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে এ কোম্পানি। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডেনমার্কের এ সংস্থাটি। 

এতে বলা হয়, ‘বৃহস্পতিবার মারেস্ক জিব্রাল্টার অল্পের জন্য রক্ষা পাওয়ার পর শুকবার একটি কনটেইনারবাহী জাহাজে ফের হামলা হয়। এতে মারেস্কের সব জাহাজকে (ইয়েমেনের উপকূলবর্তী) বাব-আল-মান্দাবের দিকে যাত্রা স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এছাড়া জার্মানির কনটেইনার পরিবহন সংস্থা হাপাগ-লয়েড জানিয়েছে, লোহিত সাগর দিয়ে তারা তাদের জাহাজ চালাবে কি না সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।শুক্রবার হাপাগ-লয়েডের একটি জাহাজ লোহিত সাগরে হুথিদের হামলার শিকার হয়েছে। এদিন আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এতে একটি জাহাজে আগুন ধরে যায়।

একদিনে দুটি জাহাজে হামলা চালানোর পর হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, এগুলো ইসরায়েলে যাচ্ছিল। ইরানপন্থি এ গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের উপকূল দিয়ে ‘ইসরায়েলগামী ছাড়া’ বিশ্বের যে কোনো দেশের, যে কোনো বন্দরের জাহাজ যেতে পারবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদেই ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি