ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, ৮৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, ৮৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন

 

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৌফিকা করিম ওরফে তৌফিকা আফতাবের বিরুদ্ধে প্রায় ৫৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৭৪ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

শনিবার (২৪ মে) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, তৌফিকা করিমের নামে মোট ৫৯ কোটি ২৩ লাখ টাকার সম্পদের বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ২ কোটি ৬২ লাখ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬১ লাখ টাকারও বেশি। এছাড়া তার নামে খোলা ৮৮টি ব্যাংক হিসাবে প্রায় ৩৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

এমন অভিযোগের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত তার ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, তৌফিকা করিম তার নামে-বেনামে অর্জিত সম্পদ গোপনে সরিয়ে ফেলতে পারেন, এমন আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আদালত তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। অনুসন্ধান চলাকালীন আরও তথ্য প্রকাশ পেলে মামলাটি বড় পরিসরে বিস্তৃত হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মামলা ক্ষমতাধর ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ।