ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ছয় জেলায় বন্যার সম্ভাবনা, নদ-নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

ছয় জেলায় বন্যার সম্ভাবনা, নদ-নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই

 

দেশের ছয়টি জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (২৯ মে) সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল আগামী দুই দিনে বাড়তে পারে। এর মধ্যে মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রমের শঙ্কা রয়েছে, ফলে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে পরবর্তী একদিনে নদীগুলোর পানি কিছুটা কমতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি তিনদিন পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানিও বাড়তে পারে। বিশেষ করে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। অন্যদিকে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় আগামী দুদিন জোয়ারের উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে হ্রাস পেলেও তিন দিনের মধ্যে তা আবার বাড়তে পারে, তবে এখনও বিপদসীমার নিচে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, “বৃষ্টিপাত অব্যাহত থাকলে ছয় জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টি কমলে পানি দ্রুত নেমে যাবে।