এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম
সারাদেশে একযোগে ২৫২ জন বিচারককে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং বিকেলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ রয়েছেন। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ৩৮ জন বিচারককেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বদলির এই তালিকায় রয়েছে আরও ৫০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১২ জন প্রথম শ্রেণির বিচারিক কর্মকর্তার নাম। এর বাইরে আরও ১২ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিচার বিভাগে স্বচ্ছতা, গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে এই ব্যাপক রদবদল আনা হয়েছে। তিনি আরও বলেন, “এই বদলি প্রক্রিয়া আদালতের স্বাভাবিক কার্যক্রমকে আরও কার্যকর এবং জনগণের কাছে বিচারপ্রাপ্তি সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।”
বদলিকৃত বিচারকদের মধ্যে অনেকে এক জেলা থেকে অন্য জেলায় পাঠানো হয়েছে, আবার কেউ কেউ উচ্চ আদালতের নির্দেশে বিশেষ মামলার দায়িত্বে নিয়োজিত হচ্ছেন। এই রদবদলের ফলে জেলা ও মহানগর পর্যায়ের আদালতগুলোতে বিচার প্রক্রিয়ার গতি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারকদের দ্রুত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বদলিকৃতদের চলমান মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।