ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা: পেট্রাপোলে বিপর্যয়ের আশঙ্কা, শ্রমিক-কর্মসংস্থান হুমকিতে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ০৬:০৬ পিএম

বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা: পেট্রাপোলে বিপর্যয়ের আশঙ্কা, শ্রমিক-কর্মসংস্থান হুমকিতে

বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্যের আমদানিতে ভারতের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে পশ্চিমবঙ্গ, বিশেষত পেট্রাপোল স্থলবন্দরের ব্যবসা ও শ্রমবাজারে বড় ধাক্কা লাগতে চলেছে। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (DGFT) নতুন নির্দেশনায় জানায়, বাংলাদেশ থেকে কিছু পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা এখন শুধু মুম্বাইয়ের নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। ফলে স্থলপথে পেট্রাপোল হয়ে এসব পণ্য প্রবেশ বন্ধ হয়ে যাচ্ছে।

পেট্রাপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে বলেন, “পশ্চিমবঙ্গে জুট শিল্প সরাসরি বাংলাদেশের আমদানির ওপর নির্ভরশীল। হাজার হাজার শ্রমিক ও পরিবহনকর্মী এই ব্যবসার সঙ্গে জড়িত। নিষেধাজ্ঞার ফলে তারা কর্মহীন হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “আমদানিকারকেরা অগ্রিম টাকা দিয়ে পণ্য বুকিং দিয়েছিলেন। এখন যদি সে পণ্য অন্য বন্দর দিয়ে আনতে হয়, পরিবহন খরচ ও সময় বেড়ে যাবে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”

কার্তিক জানান, পেট্রাপোলের এক হাজারের বেশি শ্রমিক এই জুটপণ্য আমদানির ওপর নির্ভরশীল। ব্যবসা বন্ধ হলে তারা জীবিকা হারাবেন। এমনকি তিনি সতর্ক করেন, “যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয়, সীমান্তবর্তী অঞ্চলের ৭০ শতাংশ মানুষ আবার বেআইনি পথে ফিরে যেতে পারেন।”

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১,৬৪৫ কোটি রুপির পণ্য রফতানি হয়েছে, যার ৯৯ শতাংশই স্থলবন্দর দিয়ে এসেছে।

এই নিষেধাজ্ঞা শুধু ব্যবসায়ীদেরই নয়, সীমান্তের হাজারো পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।