ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের ইসরায়েলের হামলা, ধ্বংস পোশাক কারখানা ও সরকারি স্থাপনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের ইসরায়েলের হামলা, ধ্বংস পোশাক কারখানা ও সরকারি স্থাপনা

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরের একটি আবাসিক বাড়ি, মেইস এল-জাবালে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি পোশাক কারখানায় ইসরায়েলি গোলাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠে, এবং ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হতাহতের আশঙ্কা থাকলেও এখনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং ভবিষ্যতে কোনো সামরিক অভিযান চালাবে না। কিন্তু আট মাস পার হলেও ইসরায়েলি সেনা এখনো ওই অঞ্চলে সক্রিয় রয়েছে, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে বড় আকারের অভিযান চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করে এবং অনেক শীর্ষ নেতাকে হত্যা করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, যদি ২০২৫ সালের নভেম্বরে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে, তাহলে ডিসেম্বর থেকে ফের সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল।

অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা কখনোই অস্ত্র ফেলে দেবে না। তারা বলেছে, আত্মরক্ষার অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

এই অবস্থায় লেবাননের দক্ষিণ সীমান্তে যুদ্ধের নতুন আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে।