এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৫, ০৩:০৭ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দল যখন এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে, তখন লাল-সবুজের পুরুষ ক্রিকেট দল দাঁড়িয়ে আছে আরেকটি ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ফলে শেষ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো লঙ্কা-দূর্গে সিরিজ জয়ের গৌরব পাবে বাংলাদেশ।
২০১৩ ও ২০১৭ সালে শ্রীলঙ্কায় সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার জয়ের হাতছানি নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। তবে চ্যালেঞ্জটা কঠিন—নিজের ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া লঙ্কানরাও কিছুতেই সহজে ছেড়ে দেবে না।
শেষ ওয়ানডে ম্যাচটি দিবারাত্রির হওয়ায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভেন্যুটি বাংলাদেশিদের জন্য অপরিচিত নয়। দুই বছর আগেও এখানে খেলেছে টাইগাররা। যদিও সেই ম্যাচে হারতে হয়েছিল। তবে ওই ম্যাচে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে শঙ্কায় ছিলেন। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিত।
তাকে দলে পেলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন দাস বা নাঈম শেখ। আবার বিশ্রাম কাটিয়ে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, যার জায়গায় বাদ পড়তে পারেন হাসান মাহমুদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নারীদের মতো এবার পুরুষদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হতে পারে।