ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ট্রাম্প-নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ঘোষণা ১০০ মুসলিম পণ্ডিতের, ঐক্যের ডাক পুরো উম্মাহর প্রতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

ট্রাম্প-নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ঘোষণা ১০০ মুসলিম পণ্ডিতের, ঐক্যের ডাক পুরো উম্মাহর প্রতি

বিশ্বজুড়ে ২৫টিরও বেশি দেশের শতাধিক মুসলিম আলেম ও বুদ্ধিজীবী এক যৌথ বিবৃতিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলেন, এই দুই নেতা মুসলিম ভূমি দখল, রক্তপাত, মানবতাবিরোধী অপরাধ ও ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালিয়ে বিশ্বে দুর্নীতির প্রতীক হয়ে উঠেছেন।

বিবৃতিতে তারা ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নেতৃত্বের প্রশংসা করেন। তাঁকে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক এবং প্রতিরোধের পতাকাবাহী হিসেবে বর্ণনা করেন।

এই বিবৃতিতে আলেমরা বলেন, শরিয়ার দৃষ্টিতে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যেকোনো আপস বা সম্পর্ক স্বাভাবিকীকরণ স্পষ্টভাবে ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এটি ফিলিস্তিনিদের অধিকার ও মুসলিম উম্মাহর মর্যাদার সরাসরি লঙ্ঘন।

বিবৃতির স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ফিলিস্তিন, পাকিস্তান, মিশর, ভারত, আফগানিস্তান, লেবানন, বাহরাইন, যুক্তরাষ্ট্র, সুদান, ইন্দোনেশিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের শিয়া ও সুন্নি ধর্মীয় নেতা ও বুদ্ধিজীবীরা।

তারা মুসলিম জাতিকে আহ্বান জানিয়ে বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ইসলামি সংহতি ও রাজনৈতিক ঐক্য জরুরি। তারা মুসলিম দেশগুলোকে আহ্বান জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরোধ ফ্রন্ট গড়ে তুলতে।

বিবৃতিতে সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চালানো ১২ দিনের সামরিক আগ্রাসনেরও নিন্দা জানানো হয়, যেখানে বহু কমান্ডার ও সাধারণ মানুষ নিহত হন। তারা একে বেআইনি ও মানবতাবিরোধী আক্রমণ হিসেবে অভিহিত করেন।