ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

কাশ্মীরে 'পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীসহ' তিন সন্ত্রাসী নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

কাশ্মীরে 'পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীসহ' তিন সন্ত্রাসী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এক যৌথ অভিযানে তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে একজন ছিলেন পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান শাহ।

সোমবার (২২ জুলাই) সকালে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে শ্রীনগরের হারওয়ানের মুলনার এলাকায় ‘অপারেশন মহাদেব’ নামের অভিযান পরিচালনা করে। এতে নিহত হয় তিনজন সন্ত্রাসী—সুলেমান শাহ, আবু হামজা ও ইয়াসির।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, সুলেমান শাহ পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। তিনি হাশিম মুসা নামেও পরিচিত। ২২ এপ্রিল পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তার মূল পরিকল্পনায় ছিলেন সুলেমান।

আবু হামজা এবং ইয়াসির নামের অন্য দুই সন্ত্রাসীও পেহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তাদের সবার বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই তথ্য ছিল এবং তারা ‘হাই-ভ্যালু’ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।

অভিযানের সময় এলাকায় তীব্র গোলাগুলি হয়। পরে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে একে-৪৭ রাইফেল, কার্বাইন, ১৭টি রাইফেল গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এলাকাজুড়ে চিরুনি অভিযান এখনও অব্যাহত আছে।

নিরাপত্তা বাহিনীর ধারণা, সন্ত্রাসীরা জম্মু-কাশ্মীরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনা ভেস্তে দিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মুলনার এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

পেহেলগামের ভয়াবহ হামলার পর ভারতীয় প্রশাসন সুলেমান শাহ সম্পর্কে তথ্যদাতার জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। তার মৃত্যুকে প্রশাসন একটি বড় সাফল্য হিসেবে দেখছে।

এনডিটিভি দাবি করেছে, অভিযানে সন্ত্রাসীদের যে আস্তানা ধ্বংস করা হয়েছে, তা একটি বনের গভীরে ছিল এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ চিহ্নসহ ছবি পাওয়া গেছে।