এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

চীনের সরকার জনসংখ্যা বৃদ্ধির জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে। তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য পিতামাতাকে বছরে ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫৪,০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপে প্রায় দুই কোটি পরিবার উপকৃত হবে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। গত এক দশক ধরে চীনের জন্মহার ক্রমাগত কমছে, যদিও দেশটি ২০১৬ সালে এক সন্তান নীতি বাতিল করেছিল।
কিছু প্রদেশে এই ভর্তুকির পরিমাণ আরও বেশি। যেমন, শেনইয়াং শহরে তিন বছরের কম বয়সী তৃতীয় সন্তানের জন্য মাসে ৫০০ ইউয়ান দেওয়া হবে। হোহোট শহরে তিন সন্তান আছে এমন পরিবারকে এককালীন ১ লাখ ইউয়ান দেওয়ার প্রস্তাব রয়েছে।
চীনে সন্তান পালন ব্যয়বহুল হওয়ায় অনেক দম্পতি একের বেশি সন্তান নিতে চান না। গবেষণা বলছে, চীনে একটি শিশুকে বড় করতে গড়ে ৭৫,৭০০ ডলার খরচ হয়। এটি বিশ্বের সর্বোচ্চ ব্যয়ের তালিকায় রয়েছে।
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্যও এই ভর্তুকির সুযোগ থাকবে। পাশাপাশি সরকার বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করছে। জনসংখ্যা সংকট মোকাবিলায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত জানুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে চীনের জনসংখ্যা তৃতীয় বারের মতো কমেছে। গত বছর দেশটিতে মাত্র ৯৫.৪ লাখ শিশুর জন্ম রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ লাখ কম।