এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হলে এবং দ্বিরাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি না পেলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরাইল যদি গাজার ভয়াবহ পরিস্থিতি প্রশমনে বাস্তব পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিতে বাধ্য হবে।
কিয়ার স্টারমার বলেন, ইসরাইলকে পশ্চিম তীর দখল না করার নিশ্চয়তা দিতে হবে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যথায় যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তিনি আরও জানান, হামাসকে তারা ইসরাইলের সঙ্গে তুলনা করছেন না। হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতির চুক্তি করতে হবে। এছাড়া যুদ্ধ শেষে গাজায় হামাসকে কোনো প্রশাসনিক দায়িত্বে রাখা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরাইল রাষ্ট্র নিশ্চিত করা।
ফিলিস্তিনকে স্বীকৃতির সঙ্গে কেন শর্ত যুক্ত করা হয়েছে জানতে চাইলে স্টারমার বলেন, যুক্তরাজ্যের প্রধান উদ্দেশ্য হলো জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছে দিয়ে গাজার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
ফ্রান্সের এই ঘোষণা এবং যুক্তরাজ্যের অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এসব পদক্ষেপ ইসরাইলকে যুদ্ধবিরতির দিকে চাপ সৃষ্টি করতে পারে।