ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ১০টি ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ১০টি ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ১৯০০ সাল থেকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্পের তালিকা প্রকাশ করা হয়েছে। রিখটার স্কেলে ৮.৫+ মাত্রার এসব ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।

তালিকার শীর্ষে রয়েছে ১৯৬০ সালে চিলির ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯.৫। এতে ১,৬৫৫ জন নিহত হয়েছিলেন। দ্বিতীয় স্থানে ১৯৬৪ সালের আলাস্কার ভূমিকম্প (৯.২ মাত্রা), যাতে ১৩০ জনের মৃত্যু হয়।

২০০৪ সালের সুমাত্রার ভূমিকম্প (৯.১ মাত্রা) তৃতীয় স্থানে রয়েছে। সুনামিসহ এই ভূমিকম্পে ২,৮০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ২০১১ সালের জাপানের ভূমিকম্প (৯.১ মাত্রা) চতুর্থ স্থানে, যাতে ১৫,০০০ মানুষ মারা যান।

পঞ্চম স্থানে রয়েছে ১৯৫২ সালের রাশিয়ার কামচাটকা ভূমিকম্প (৯.০ মাত্রা)। ষষ্ঠ স্থানে ২০১০ সালের চিলির ভূমিকম্প (৮.৮ মাত্রা), যাতে ৫২৩ জন মারা যান। সপ্তম স্থানে ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্প (৮.৮ মাত্রা)।

অষ্টম স্থানে ১৯৬৫ সালের আলাস্কার র্যাট দ্বীপের ভূমিকম্প (৮.৭ মাত্রা)। নবম স্থানে ১৯৫০ সালের ভারতের অরুণাচল ভূমিকম্প (৮.৬ মাত্রা), যাতে ৭৮০ জন নিহত হন। দশম স্থানে ২০১২ সালের সুমাত্রার ভূমিকম্প (৮.৬ মাত্রা)।

ইউএসজিএস জানিয়েছে, বুধবার রাশিয়ার কামচাটকায় ঘটে যাওয়া ৮.৭ মাত্রার ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে স্বীকৃতি পেতে পারে। তবে এখন পর্যন্ত এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।