এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির। এ সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে আসিম মুনির ভারতের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি কখনও হুমকির মুখে পড়ে এবং দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে তারা শুধু নিজেদের পতনেই থামবে না—বরং বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। তার এই বক্তব্য কার্যত পারমাণবিক যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত।
মুনির বলেন,
“আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা ধ্বংসের মুখে পড়ি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নিয়ে যাব।”
সিন্ধু নদ নিয়ে নতুন সংঘাত
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ হয়। এর আগের মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। সেই ঘটনার জেরে নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ চুক্তি বাতিল করে হুমকি দেয়—সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।
এ নিয়েই যুক্তরাষ্ট্রে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তান সেনাপ্রধান বলেন,
“আমরা ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই তা সম্পূর্ণ হবে, তখনই ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”
সিন্ধু নদ চুক্তির পটভূমি
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০-এর দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী, সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান।