এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

যশোরে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন আর দুই রাউন্ড গুলি। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) শহরতলীর চাঁচড়া এলাকায় কাভার্ডভ্যান থামিয়ে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম চাঁচড়া বিএডিসি অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে আসা একটি কাভার্ডভ্যান থামানো হলে চালক ফরহাদ ও তার সহযোগী সাকিবকে আটক করা হয়।
তল্লাশির সময় ভ্যানের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় আমেরিকান তৈরি একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।