ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানি! ইতিহাসে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার ১৫৩ কোটি টাকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ এএম

ছেলেদের চেয়েও বেশি প্রাইজমানি! ইতিহাসে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার ১৫৩ কোটি টাকা

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ এবং ২ অক্টোবর ফাইনাল হবে। এ বছর আইসিসি রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে—মোট ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। এ অর্থ ২০২২ সালের তুলনায় প্রায় চার গুণ বেশি, এমনকি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিও ছাপিয়ে গেছে।

চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (৪৯.২৮ কোটি টাকা), যা ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ১.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। রানার্স আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), এবং দুই সেমিফাইনাল হারের দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা)।

গ্রুপ পর্বে অংশগ্রহণের জন্য প্রতিটি দল নিশ্চিতভাবে ২.৫ লাখ ডলার (২ কোটি ৭৫ লাখ টাকা) পাবে। এছাড়া প্রতিটি ম্যাচ জেতার জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার (৩৭.৭৫ লাখ টাকা) দেওয়া হবে। গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থানধারী দল পাবে ৭ লাখ ডলার, এবং সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২.৮ লাখ ডলার।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “এটি নারী ক্রিকেটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। চারগুণ প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা দেখাতে চাই, যারা পেশাদারভাবে ক্রিকেট খেলতে চায়, তাদের নারী খেলোয়াড়দের সমান মর্যাদা দেওয়া হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের জন্যও অনুপ্রেরণা হবে।”