এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এ অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি তিনি মুখ খুলেছেন।
২০২১ সালে কলকাতায় মুক্তি পায় এই সিরিজ। প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেন বাঁধন। সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।
কিন্তু যে কাজ প্রশংসা আর পুরস্কার কুড়িয়েছে, তার অভিজ্ঞতা ছিল মোটেও সুখকর নয়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে বাঁধন জানিয়েছেন, “কলকাতায় সৃজিতের সঙ্গে শুটিং অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ ছিল। ওই ইউনিটের সঙ্গে আমার সময় খুব কঠিন। তবে যারা আমাকে সাপোর্ট করেছেন তারা হলেন সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পি এবং রাহুল বোস। তাদের সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময় আর ফিরে আসবে না।”
বাংলাদেশ থেকে উঠে আসা বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে সৃজিত সমানভাবে সমাদৃত ধারালো কাহিনি ও ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য। দর্শকরা মনে করতেন, তাঁদের একসঙ্গে কাজ এক অনন্য সৃজনশীল মেলবন্ধন হবে। কিন্তু বাঁধনের তিক্ত অভিজ্ঞতা বহুদিন আড়ালে ছিল।
২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ছবির মাধ্যমে। টাবু ও আলি ফজলের মতো নামী অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে পৌঁছে যান নতুন উচ্চতায়।
অন্যদিকে, সৃজিত ব্যস্ত নতুন ছবির প্রস্তুতিতে, যার নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালক জানিয়েছেন, আগামী বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের শতবর্ষ পূর্ণ হচ্ছে। ১৯২৬ সালের ৩১ আগস্ট প্রকাশিত এই বই ইংরেজ সরকারের নিষেধাজ্ঞার শিকার হয়েছিল ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই নির্মিত হচ্ছে এই ছবি।