ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র: অবিনাশের দারুণ জয়, মূল পর্বে উঠলেন বাংলাদেশের চার খেলোয়াড়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র: অবিনাশের দারুণ জয়, মূল পর্বে উঠলেন বাংলাদেশের চার খেলোয়াড়

আগামী সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা টুর্নামেন্টের মূল পর্বের খেলা। এর আগে শনিবার ও রোববার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাছাইপর্ব, যেখানে চমৎকার পারফরম্যান্স করে মূল পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ টেনিস প্রতিভা অবিনাশ রাজভরসহ চারজন খেলোয়াড়।

রোববার সকালে বাছাইপর্বের শেষ ম্যাচে অবিনাশ মুখোমুখি হন স্বদেশি খেলোয়াড় সাফওয়ান সামির। ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখান অবিনাশ। প্রথম সেটে ৬-১ ও দ্বিতীয় সেটে ৬-০ গেমে সহজ জয় পান তিনি। এই জয়ে নিশ্চিত করেন মূল পর্বে নিজের জায়গা।

অবিনাশ ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলবেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং দক্ষিণ কোরিয়ার ইউন-সাং চো।

এদিকে, বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আরও চারজন খেলোয়াড় সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের সাইম, জাওয়াদ ও মালেক, এবং চীনের লি রয়েছেন।

মূল পর্বে আগেই ছিলেন ২৪ জন খেলোয়াড়। বাছাইপর্ব ও ওয়াইল্ড কার্ডের আটজন যোগ হয়ে এখন মূল পর্বের প্রতিযোগিতা আরও জমে উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিচ্ছেন জারিফ আবরার ও কাব্য গায়েন, যারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন।

অন্যদিকে, মেয়েদের বিভাগেও বাংলাদেশের উপস্থিতি দারুণ শক্তিশালী। সরাসরি মূল পর্বে খেলছেন দেশের সাতজন তরুণী টেনিস খেলোয়াড়—সুমাইয়া আক্তার, সারা আল জসিম, জান্নাতুল ফেরদৌস, হালিমা জাহান, ইয়ানা চৌধুরী, সুবর্ণ খাতুন ও মালিহা ইসলাম।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল থেকে এবং চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। দেশের তরুণ টেনিস প্রতিভাদের জন্য এটি বড় একটি সুযোগ নিজেদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার।