এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ করা কিছু ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিসিবি কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়াও, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে একটি ফেসবুক পোস্টে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের 'শায়েস্তা' করার হুমকি দেওয়া এক ব্যক্তিকে চিহ্নিত করারও চেষ্টা চলছে। বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাঈম-তাসকিনদের গাড়ির কাছে গিয়ে গালাগাল, 'ভুয়া' দুয়ো
সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার রাতে দেশে ফেরার পর বেশ বাজে অভিজ্ঞতার শিকার হন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওপেনার মোহাম্মদ নাঈম সহ কয়েকজন ক্রিকেটারকে একদল লোক ঘিরে ধরে হেনস্তা করে।
এ ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কিছু লোক নাঈমের গাড়ির খুব কাছে গিয়ে 'ভুয়া, ভুয়া' বলে দুয়ো দিচ্ছে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। একই ধরনের আক্রমণাত্মক দৃশ্য দেখা গেছে পেসার তাসকিন আহমেদের গাড়ির আশপাশেও। ভিডিওগুলোতে ক্রিকেটারদের উদ্দেশে করা গালাগালও স্পষ্ট শোনা যায়।
সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে: বিসিবি পরিচালক
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই পরিচালক মুঠোফোনে বলেন, “দুটি বিষয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নজরে আনা হয়েছে। তাঁরা এই দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।”
এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে ধবলধোলাই করলেও, ওয়ানডে সিরিজে বাংলাদেশ উল্টো ধবলধোলাই হয়েছে। বিমানবন্দরে ক্রিকেটারদের প্রতি কিছু লোকের এই ক্ষোভ প্রকাশের কারণ সেটাই, তবে তাদের ক্ষোভের প্রকাশ ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং উসকানিমূলক।
স্টেডিয়ামে দর্শক 'শায়েস্তা' করার হুমকি!
বাংলাদেশ দলের খারাপ খেলার কারণে ক্ষোভ জানিয়ে দেওয়া এক ব্যক্তির ফেসবুক পোস্টের ভাষাও একই রকম আক্রমণাত্মক। তার বাসা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খুব কাছে উল্লেখ করে তিনি লিখেছেন:
“মিরপুরের কিছু ভাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেছি, যারা এই অবস্থায়ও মাঠে এই দলের খেলা দেখতে আসবেন, তাদের শায়েস্তা করার জন্য।”
তিনি আরও লিখেছেন, “প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধড়ক মার খেলে বা highly Injured হলে মিরপুরবাসীকে দায় দিতে পারবেন না।”
এ ধরনের ফেসবুক পোস্টকে বাংলাদেশ দলের দর্শক-সমর্থক এবং ক্রিকেটারদের জন্যও নিরাপত্তার হুমকি মনে করেন বিসিবির ওই পরিচালক। তিনি বলেন, “খেলায় খারাপ ফল হতে পারে। সে জন্য সমালোচনাও হতে পারে। কিন্তু এ ধরনের উসকানিমূলক হুমকি কোনোভাবেই কাম্য নয়। আমরা স্টেডিয়ামকে ক্রিকেটার ও দর্শকদের জন্য নিরাপদ রাখতে চাই।”
বিসিবির অন্য একটি সূত্র জানিয়েছে, তারা মনে করে, এই ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটিও খতিয়ে দেখবে।
বিমানবন্দরের ঘটনায় হতাশা প্রকাশ করে নাঈম এক ফেসবুক পোস্টে লেখেন, “আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।”