এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ভোট দেওয়ার বয়স এখনো হয়নি। অথচ ১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী নেমে পড়লেন বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে! তবে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। তরুণদের ভোটদানে সচেতন করতে বৈভব সূর্যবংশীকে ব্যবহার করছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দফতর।
সোমবার বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর তাদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বৈভব সূর্যবংশীর একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে এই ১৪ বছর বয়সী ব্যাটার মানুষকে ভোটদানে উৎসাহিত করেছে।
কী বার্তা দিলেন বৈভব সূর্যবংশী?
সূর্যবংশী তার বার্তায় বলেছে: "আমি বৈভব সূর্যবংশী। আপনাদের সকলকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হলো ভালো খেলা এবং আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হলো ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।"
কেন এই উদ্যোগ?
বিধানসভা নির্বাচন উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং জনপ্রিয় ব্যক্তিদের ব্যবহার করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে ব্যবহার করা হচ্ছে মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য।
বৈভব ছাড়াও অভিনেতা চন্দন রায়, পঙ্কজ ঝা, হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাসসুম আলিরাও 'এসভিইইপি' SVEEP আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন।