ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

লজ্জাজনক’ আচরণের জের! নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ বর্জন পাকিস্তানের!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

লজ্জাজনক’ আচরণের জের! নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার অজুহাতে ভারতে জুনিয়র হকি বিশ্বকাপ বর্জন পাকিস্তানের!

অনুমতি নিয়ে সরকারের সায় ছিল না—এই জল্পনা চলছিলই। এবার সেই জল্পনাই সত্যি হলো! ভারতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান।

আগামী ২৮ নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপের জমজমাট আসর। তাতে অংশ নেবে না জুনিয়র পাকিস্তান দল। এর আগে হকি এশিয়া কাপ থেকেও নাম তুলে নিয়েছিল তারা। এবার সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই জুনিয়র হকি বিশ্বকাপেও দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন PHF।

পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ এই প্রসঙ্গে বলেন, ‘‌বর্তমান পরিস্থিতি একেবারেই অনুকূল নয়। এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। এমনকি মহসিন নকভির কাছ থেকে ট্রফি পর্যন্ত নিতে চায়নি। যা অত্যন্ত লজ্জাজনক।’‌

তিনি আরও যোগ করেন, ‘এই আচরণ থেকেই বোঝা যায়, আমাদের প্রতি ওদের মনোভাব কেমন।’‌ প্রসঙ্গত, এই টুর্নামেন্টের গ্রুপ 'বি'-তে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে পাকিস্তানও ছিল।

পাকিস্তান হকি ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান সরকার এবং পাকিস্তান স্পোর্টস বোর্ডের PSB পরামর্শ চেয়েছিলাম। দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থির। নিরাপত্তার কারণ দেখিয়ে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’‌ তিনি আন্তর্জাতিক হকি ফেডারেশনকে FIH বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পহেলগাঁও-এ জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঘটনার পরই ভারতের মাটিতে পাকিস্তান দল খেলতে আসবে কি না, সেই প্রশ্ন উঠেছিল। হকি এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে জুনিয়র বিশ্বকাপ থেকেও হয়তো পাকিস্তান দল নিজেদের সরিয়ে নেবে।

এবার সেই ধারণায় সিলমোহর দিয়ে বিশ্বকাপও বয়কট করল তারা। মোট ২৪ দলের এই জুনিয়র বিশ্বকাপে ২৩টি দল আগেই ভারতে আসার সম্মতি জানিয়েছিল। কিন্তু বেঁকে বসল পাকিস্তান। এখন দেখার বিষয়, তাদের পরিবর্তে অন্য কোনো দলকে খেলার সুযোগ দেওয়া হয় কি না।