এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
পাকিস্তানের সুপারস্টার সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। ডিসেম্বর মাসে পরপর দুটি কনসার্টে অংশ নিতে ব্যস্ত সময় কাটাবেন এই জনপ্রিয় তারকা। একটির আয়োজন করছে ‘মেইন স্টেজ’, আরেকটি চ্যারিটি কনসার্ট সাজাচ্ছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের প্ল্যাটফর্ম।
‘মেইন স্টেজ’ প্রতিষ্ঠানটি আগামী ১৩ ডিসেম্বর আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ১০০ ফিট ও ৩০০ ফিট সড়কের মাঝামাঝি অবস্থিত ‘ঢাকা এরিনা’-তে হবে এই কনসার্ট।
সেদিন দুপুর ১টা থেকে খুলে যাবে গেট। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, আর চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
‘ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো! অ্যালার্ম সেট করে রাখুন, টিম বানিয়ে নিন—কারণ এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে জমজমাট শো।’
‘মেইন স্টেজ’-এর মুখপাত্র রিসালাত জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে আয়োজনের জন্য সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিয়ম মেনে সব কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের এই ইতিবাচক উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা দেবে।
এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘চলোঘুরি ডট কম’-এ। দুটি ক্যাটাগরি—জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এ টিকিট বিক্রি হচ্ছে।
অন্যদিকে ‘স্পিরিটস অব জুলাই’ এবার আয়োজন করছে চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। গত বছর গণআন্দোলনে হতাহতদের পরিবারের সহায়তার জন্য তারা প্রথমবার এই আয়োজন করেছিল।
‘জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে জীবন্ত রাখতে দ্বিতীয়বার এই কনসার্টের আয়োজন করছি। সমস্ত আয়ের অর্থ যাবে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে”—যারা শহীদ ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে।’
এই চ্যারিটি কনসার্টেও আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বরের ১২ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। ভেন্যু ও বিস্তারিত জানাতে খুব শিগগিরই সংবাদ সম্মেলন করবে আয়োজকেরা।
জাফর আরও জানান, কনসার্টে থাকবে লোকসংগীত, কাওয়ালি, দেশি-বিদেশি ব্যান্ডের পরিবেশনা। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে জুলাই বিপ্লব–ভিত্তিক আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ নানা শিল্প-সাংস্কৃতিক প্রদর্শনী।
গত বছর ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘ম্যাজিকাল নাইট ২.০’-তে গান করেছিলেন আতিফ। দুই শো-ই দর্শকদের মাতিয়ে তুলেছিল।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর সঙ্গে সংগীত ক্যারিয়ার শুরু করেন আতিফ। এরপর ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। শুধু উর্দু নয়, হিন্দি, পাঞ্জাবি, বাংলা ও পশতু ভাষাতেও গান গেয়েছেন। অভিনয় করেছেন কয়েকটি পাকিস্তানি ছবিতেও।
Atif Aslam Dhaka concert, Atif Aslam Bangladesh, Main Stage show, Spirits of July, Echoes of Revolution 2.0, Dhaka Arena concert, Atif Aslam live show, Bangladesh music events, Atif Aslam tickets, Dhaka December concerts, charity concert Bangladesh, Pakistani singer Atif Aslam, Dhaka musical events, Bangladeshi concert news, Atif Aslam 2025