ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা–ভূমিধসে মৃত্যু ৬৩১, নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছে ১০ লাখ মানুষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা–ভূমিধসে মৃত্যু ৬৩১, নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছে ১০ লাখ মানুষ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে—এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা।

জাকার্তা থেকে এএফপির খবরে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও ত্রাণ সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে উদ্ধারকারীরা এখনো ৪৭২ জন নিখোঁজ মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, মালাক্কা প্রণালীতে সৃষ্ট এক বিরল ঘূর্ণিঝড় গত সপ্তাহে ইন্দোনেশিয়ার তিনটি প্রদেশে আঘাত হানে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, এই ঘূর্ণিঝড়ের ফলে প্রায় ১৪ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই মৌসুমে প্রবল বর্ষণ ও ঝড়ে এশিয়ার বেশ কিছু দেশ বিপর্যস্ত। ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়-ও বহু মানুষের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা—এই তিন প্রদেশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। এসব এলাকার অনেক জায়গা এখনও পুরোপুরি যোগাযোগবিচ্ছিন্ন এবং হাজার হাজার মানুষ জরুরি খাদ্য, পানি ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না।