এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

পাকিস্তানে ক্রিকেটারদের রাজনীতিতে আসার দৃষ্টান্ত নতুন নয়। কিংবদন্তি ইমরান খান থেকে শুরু করে সরফরাজ নওয়াজ— অনেকেই এই পথে হেঁটেছেন। এবার সেই তালিকায় নাম যোগ করতে পারেন আরেক সাবেক তারকা অধিনায়ক, শহীদ আফ্রিদি। সম্প্রতি তিনি করাচি ছেড়ে রাজধানী ইসলামাবাদে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, যার পর থেকেই তার রাজনীতিতে প্রবেশের গুঞ্জন জোরালো হচ্ছে।
শহীদ আফ্রিদি সম্প্রতি পাকিস্তানের 'দ্য জং' পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেশের উন্নতির জন্য জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন, "আমি চাই পাকিস্তান এগিয়ে যাক। আর সেটা তখনই সম্ভব, যখন সরকার ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে তাদের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে।"
তিনি আরও যোগ করেন, "পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেট আমাকে নাম, খ্যাতি, সম্পদ— সবকিছু দিয়েছে। অবশ্যই আমি আমার দেশের জন্য কিছু করতে চাই।"
রাজনীতিতে সরাসরি যোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলতে না চাইলেও, ভবিষ্যতের জন্য দরজা একেবারে বন্ধ করে দেননি আফ্রিদি। তিনি স্বীকার করেন যে, অতীতেও তাকে সরকারি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। তার মতে, শুধুমাত্র একটি চেয়ারে বসে থাকাটা তার লক্ষ্য নয়। তিনি দেশের উপর বড় এবং ব্যাপক প্রভাব রাখতে চান।
উল্লেখ্য, শৈশব কেটেছে উত্তরাঞ্চলের একটি উপজাতীয় এলাকায়, কিন্তু জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন করাচিতে। সম্প্রতি স্থায়ীভাবে ইসলামাবাদে চলে যাওয়াটাই রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইমরান খানের পথ অনুসরণ করে কি তিনিও প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে তাকিয়ে আছেন? এই প্রশ্নই এখন সবার মনে।