এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা ঠিক সময়ে ঢাকায় আসতে পারেননি। তবে তিনি অনলাইনে যোগ দিয়েছেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠক হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করা। কিন্তু এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
বিসিবি ভারতে না খেলার সিদ্ধান্তে একদম অনড়। তবে শনিবারের বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রতিনিধি দল দেশে ফিরে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই আশাবাদী যে আলোচনা চলতে থাকবে এবং শেষ পর্যন্ত একটা ইতিবাচক সমাধান হবে।
আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ কাল ভোরে ঢাকায় পৌঁছান। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে এই বিভাগের অপারেশন্স ম্যানেজার ছিলেন। অন্যদিকে গৌরব সাক্সেনা ভিসা দেরিতে পাওয়ায় সরাসরি আসতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। তিনি আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স)।
রাতে বিসিবি একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বোর্ড আইসিসির দুই প্রতিনিধিকে নতুন একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা হলো—বাংলাদেশের পুরো গ্রুপটাই বদলে দেওয়া। এতে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ, আর সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। পাশাপাশি দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও তুলে ধরা হয়েছে। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে হয়েছে। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে।”
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে, দুই পক্ষই গঠনমূলক সংলাপ অব্যাহত রাখতে একমত হয়েছে।
উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অটল। সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আইসিসি চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়।