এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া জটিলতায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের পর তারাও জানিয়ে দিল, ভারতে গিয়ে তারা বিশ্বকাপের ম্যাচ খেলবে না। একই সঙ্গে আইসিসির কাছ থেকে আশ্বাস পেয়েছে, তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরানো হবে না।
ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে, তারা ভারতে খেলতে যাচ্ছে না। তবে আইসিসি তাদের জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন হবে না। গ্রুপ পর্বের সব ম্যাচই আমরা শ্রীলঙ্কায় খেলব।”
টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বিতে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে আগ্রহী নয়। সে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বিসিবি জানায়, “অন্যান্য বিষয় ছাড়াও কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।”
তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
আইসিসির প্রতিনিধিদলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা ঢাকায় আসতে পারেননি, তিনি অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি মো. আমিনুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বৈঠক শেষে বিসিবি জানায়, এই বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।