এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান জটিলতার মধ্যেই আয়ারল্যান্ড শিবিরে এলো স্বস্তির খবর। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের ম্যাচসূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না—এ ব্যাপারে চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছে তারা। তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবে জানি, মূল সূচিতে কোনো বদল আসছে না। আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।”
টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-তে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। এই গ্রুপের সব ম্যাচ আগেই নির্ধারিত ছিল ক্যান্ডি ও কলম্বোতে। এখান থেকে যে দুই দল পরের রাউন্ডে উঠবে, তাদের ম্যাচ হবে ভারতে।
অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলোর ভেন্যু রাখা হয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে আগ্রহ দেখাচ্ছে না।
এই পরিস্থিতিতে শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করলে লজিস্টিক ঝামেলা ছাড়াই বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারবে।
বিসিবি এক বিবৃতিতে জানায়, “ন্যূনতম সাংগঠনিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।” জানা গেছে, গ্রুপ বদলের এই প্রস্তাবটি মূলত বিসিবির পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।
খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি আবারও জোরালোভাবে তুলে ধরেছে বিসিবি। এ বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে।
বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা জটিলতায় ঢাকায় আসতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিসিবির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সঙ্গে ছিলেন সহ–সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই গত ৪ জানুয়ারি ভারতকে এড়িয়ে বিকল্প ভেন্যুর আনুষ্ঠানিক দাবি তোলে বিসিবি। তবে এই ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি।