ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

রেজা পাহলভির ডাকে সাড়া নেই, খামেনির সরকার পতনের স্বপ্ন ভেঙে চুপ ইরানের রাজপথ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

রেজা পাহলভির ডাকে সাড়া নেই, খামেনির সরকার পতনের স্বপ্ন ভেঙে চুপ ইরানের রাজপথ

ইরানের সাধারণ মানুষকে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি। তবে তার এই ডাকে এবার ইরানের ভেতরে কোনো সাড়া পাওয়া যায়নি। খামেনি সরকারের পতনের যে স্বপ্ন তিনি দেখাচ্ছিলেন, বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দিয়েছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বড় কোনো বিক্ষোভ চোখে পড়েনি। রাজপথ ছিল প্রায় শান্ত।

এর আগে গত মাসের শেষ দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভ ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ নিলে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। সেই সময়ই রেজা পাহলভি দাবি করেন, সরকার পতন হলে তিনি ‘ট্রানজিশনাল’ বা অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন। বিদেশে বসবাসরত কিছু ইরানির কাছ থেকে তখন তিনি সমর্থনও পান।

তবে ইরানের ভেতরে তার গ্রহণযোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। কেউ কেউ তাকে সমর্থন জানালেও বড় একটি অংশ স্পষ্টভাবেই রাজতন্ত্রে ফিরে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। অনেকের মতে, বিদেশে বসে পশ্চিমা সমর্থনের ওপর ভর করে নেতৃত্বের দাবি তোলা ইরানের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক।

সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না পাওয়ায় স্পষ্ট হচ্ছে—কঠোর দমননীতি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে বিক্ষোভকারীরা অনেকটাই পিছু হটেছে, আর সরকার পরিস্থিতি সামাল দিতে পেরেছে।

রেজা পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাইলেও বাস্তবে খামেনির সরকার বিক্ষোভ দমনে সফল হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলঘনিষ্ঠ কোনো নেতৃত্বের ওপর সাধারণ ইরানিদের আস্থা না থাকাই এই আহ্বান ব্যর্থ হওয়ার বড় কারণ।