ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ভারতে খেলবে না বাংলাদেশ? বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা কাটাতে আইসিসিকে আবারও ইমেইল পাঠাবে বিসিবি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

ভারতে খেলবে না বাংলাদেশ? বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা কাটাতে আইসিসিকে আবারও ইমেইল পাঠাবে বিসিবি

দিন যাচ্ছে, সময় গড়াচ্ছে—কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ভারতের মাটিতে খেলবে না—এমন অবস্থান জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

বিসিবির সেই ইমেইলের জবাব দিয়েছে আইসিসি। এরপর হয়েছে ভিডিও মিটিং, সবশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও হয়েছে। তবুও বাস্তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আগের জায়গাতেই আটকে আছে। বলা যায়, সম্ভাবনার খাতা এখনো প্রায় শূন্য।

বিসিবি এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলংকায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য একাধিক প্রস্তাব দিয়েছে বোর্ড। কিন্তু সেসব প্রস্তাব আইসিসির কাছ থেকে তেমন গুরুত্ব পাচ্ছে না বলেই জানা গেছে।

তবে একটি সূত্র জানিয়েছে, বিসিবি আরও একবার আইসিসিকে ইমেইল পাঠিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারে। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপ খেলবে না—এই অবস্থানে এখনো অনড় রয়েছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের দাবি মানা না হলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করতে পারে। ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতির বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের দাবি মানতে হলে গ্রুপিংয়েও পরিবর্তন আনতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে সি-গ্রুপে এবং আয়ারল্যান্ড রয়েছে বি-গ্রুপে। আয়ারল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলংকায়।

বাংলাদেশকে সি-গ্রুপে রাখা এবং আয়ারল্যান্ডকে বি-গ্রুপে নিলেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করা হচ্ছে। তবে আয়ারল্যান্ড এই গ্রুপ বদলে রাজি নয়। কারণ, তাদের সমর্থকরা ইতোমধ্যে ম্যাচের টিকিট কেটে ফেলেছেন। শেষ মুহূর্তে তাই তারা অবস্থান বদলাতে চাইছে না।