এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, তবুও দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের উত্তেজনায় কোনো ঘাটতি নেই। ফুটবল বিশ্বকাপ মানেই আলাদা এক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা পর্তুগালের মতো দলকে সমর্থন করতে প্রতি চার বছরেই রাস্তাঘাট, বাসা-বাড়ি আর সামাজিক মাধ্যমে ভেসে ওঠে আবেগের জোয়ার।
এই উন্মাদনাকে আরও বাস্তব রূপ দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি। রোববার (১৮ জানুয়ারি) ফিফার বরাদ্দ পাওয়া টিকিট বিক্রির ঘোষণা দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ফিফার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির দর্শকদের জন্য টিকিট সরবরাহ ও বিক্রির কার্যক্রম শুরু করা হচ্ছে।
বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি দেখতে আগ্রহীদের জন্য আবেদন করার সময় রাখা হয়েছে পাঁচ দিন। রোববার (১৮ জানুয়ারি) থেকে আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত মতিঝিলের বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা (অফেরতযোগ্য) মূল্যের আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
ফিফার কাছ থেকে বাফুফে মোট ৩৩০টি টিকিট বরাদ্দ পেয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বের জন্য রয়েছে ১৬২টি টিকিট। তালিকা অনুযায়ী ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার তিনটি করে ম্যাচ রয়েছে। নকআউট পর্বে সেরা ৩২-এর জন্য ৪৬টি, সেরা ১৬-এর জন্য ৪৪টি, কোয়ার্টার ফাইনালের জন্য ৪৮টি এবং সেমিফাইনালের জন্য ২০টি টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১০টি টিকিট।
ডলারপ্রতি ১২৫ টাকা ধরে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ সার্ভিস চার্জ যোগ করেছে বাফুফে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর (ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচসহ) ক্যাটাগরি-১ টিকিটের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। ক্যাটাগরি-২ টিকিটের দাম ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৫০০ টাকা এবং ক্যাটাগরি-৩ টিকিট পাওয়া যাবে ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৪ হাজার ৬২৫ টাকায়।
সেরা ৩২ রাউন্ডের ম্যাচে ক্যাটাগরি-১ টিকিটের মূল্য ৬৯ হাজার ৬২৫ টাকা থেকে ১ লাখ ৩ হাজার ৭৫০ টাকা পর্যন্ত। ক্যাটাগরি-২ টিকিটের দাম ৫৬ হাজার ৫০০ থেকে ৭৯ হাজার ৩৭৫ টাকা এবং ক্যাটাগরি-৩ টিকিট ২৮ হাজার ৮৭৫ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাবে।
শেষ ষোলোর ম্যাচ দেখতে ক্যাটাগরি-১ টিকিটের জন্য গুনতে হবে ৮১ হাজার ৩৭৫ টাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৬২৫ টাকা। ক্যাটাগরি-২ টিকিটের দাম ৬৭ হাজার ৬২৫ থেকে ১ লাখ ৩ হাজার টাকা। ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৭ হাজার ৮৭৫ টাকা।
কোয়ার্টার ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-২ টিকিটের মূল্য ১ লাখ ১৬ হাজার ৮৭৫ থেকে ১ লাখ ৬০ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-৩ টিকিট পাওয়া যাবে ৭০ হাজার ২৫০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকায়।
সেমিফাইনালের ম্যাচে ক্যাটাগরি-১ টিকিটের সর্বনিম্ন দাম ৩ লাখ ৯৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এই রাউন্ডে ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩ টিকিট বাফুফে পায়নি।
ফাইনাল ম্যাচের জন্য ক্যাটাগরি-১ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। ক্যাটাগরি-২ টিকিট পাওয়া যাবে ৭ লাখ ৩১ হাজার ৭৫০ টাকায়। তবে ফাইনালের জন্য ক্যাটাগরি-৩ টিকিট বরাদ্দ পায়নি বাফুফে।