ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

রোহিত-কোহলিদের বেতন কমার আশঙ্কা, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি বাতিলের প্রস্তাব আগরকরের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম

রোহিত-কোহলিদের বেতন কমার আশঙ্কা, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি বাতিলের প্রস্তাব আগরকরের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান আগরকর। বোর্ড যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে আর্থিক দিক থেকে বড় ধাক্কা খাবেন চার তারকা ক্রিকেটার।

বর্তমানে বিসিসিআইয়ের এ+ ক্যাটাগরিতে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাহ। আগরকরদের প্রস্তাব অনুযায়ী, এই ক্যাটাগরি বাতিল করা হতে পারে। বিষয়টি বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনায় উঠবে। প্রস্তাব কার্যকর হলে কেন্দ্রীয় চুক্তিতে থাকবে শুধু এ, বি ও সি ক্যাটাগরি।

এখন এ+ ক্যাটাগরিতে থাকায় চার ক্রিকেটার বছরে ৭ কোটি টাকা করে পান। তাঁদের এ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হলে বার্ষিক আয় নেমে আসবে ৫ কোটি টাকায়। অর্থাৎ প্রত্যেকে বছরে ২ কোটি টাকা করে কম পাবেন। আবার সংবাদসংস্থা এএনআইয়ের দাবি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সরাসরি বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তেমন হলে তাঁদের বছরে ৪ কোটি টাকা করে ক্ষতি হবে।

এই প্রস্তাবের পেছনে আগরকরদের যুক্তিও স্পষ্ট। সাধারণত এ+ ক্যাটাগরিতে রাখা হয় তাঁদের, যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন, এখন তাঁরা শুধু ওয়ানডে খেলছেন। জাডেজা খেলেন টেস্ট ও ওয়ানডে। অর্থাৎ কেউই এখন তিন ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার নন। অন্যদিকে বুমরাহ তিন ফরম্যাটেই খেললেও নিয়মিত নন, তাঁকে প্রায়ই বিশ্রাম দেওয়া হয়। এই কারণেই এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব।

শুধু এই চারজন নয়, পুরো কেন্দ্রীয় চুক্তির তালিকাতেও আসতে পারে বড় পরিবর্তন। অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা সি থেকে বি ক্যাটাগরিতে উঠতে পারেন। উন্নতি হতে পারে শ্রেয়স আয়ার ও অভিষেক শর্মার। অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

বর্তমান ভারতীয় কেন্দ্রীয় চুক্তির তালিকা

এ+ ক্যাটাগরি (বার্ষিক ৭ কোটি):
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ

এ ক্যাটাগরি (বার্ষিক ৫ কোটি):
মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, লোকেশ রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ

বি ক্যাটাগরি (বার্ষিক ৩ কোটি):
সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার

সি ক্যাটাগরি (বার্ষিক ১ কোটি):
রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাটীদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিশন, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা