ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

পাকিস্তানের বড় সমর্থন! আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল পিসিবি, ভারতে না খেলার সিদ্ধান্তে ব্যাকিং


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম

পাকিস্তানের বড় সমর্থন! আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল পিসিবি, ভারতে না খেলার সিদ্ধান্তে ব্যাকিং

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র এক দিন আগে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে পিসিবি স্পষ্ট জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ যে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার অবস্থান নিয়েছে, তারা সেটির পুরোপুরি সমর্থন করে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই চিঠির কপি আইসিসি বোর্ডের সব সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।

পিসিবির এই চিঠির সময় নিয়ে অনেকে প্রশ্ন তুললেও, এতে আইসিসির অবস্থান বদলানোর সম্ভাবনা খুব কম বলে মনে করছে ক্রিকইনফো। তারা জানিয়েছে, আইসিসি এখনো তাদের সিদ্ধান্তে অনড়। সূচি বদলাতে চায় না তারা। আগেই বিসিবিকে জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে, আর বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সরকার ও বিসিবির সমর্থনে টাইগাররা গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকার করেছে। এই ইস্যু নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছে গত সপ্তাহান্তে ঢাকায়। কিন্তু কোনো পক্ষই নিজের অবস্থান থেকে সরেনি।

আইসিসি বলছে, ম্যাচ সূচি অনুযায়ীই হবে। বিসিবি বলছে, দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। ২১ জানুয়ারি বুধবারকে চূড়ান্ত সিদ্ধান্তের ডেডলাইন ধরা হয়েছে। বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি।
পাকিস্তানের এই দেরিতে যুক্ত হওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। কিছু অযাচাইকৃত খবরে বলা হয়েছিল, বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে পাকিস্তান। এমনকি বাংলাদেশের ইস্যুর ওপর নির্ভর করে পাকিস্তান নিজেও বিশ্বকাপে খেলবে কি না, সেটা নিয়েও ভাবছে বলে শোনা গিয়েছিল।

এই বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও উত্তর দেয়নি তারা।
এই অচলাবস্থার শুরু হয় যখন বিসিসিআই আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলে। আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি এর পেছনে আছে বলে মনে করা হচ্ছে। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, টাইগাররা ভারতে ম্যাচ খেলবে না।