ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইমামকে সম্মান জানাতে উঠে দাঁড়ালেন তারেক, সামনের আসনে বসিয়ে দোয়া করালেন"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

ইমামকে সম্মান জানাতে উঠে দাঁড়ালেন তারেক, সামনের আসনে বসিয়ে দোয়া করালেন"

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক দোয়া মাহফিলে এমন একটি আচরণ করলেন, যা সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। তিনি মোনাজাত পরিচালনাকারী ইমাম মাওলানা ইব্রাহিমকে বিশেষ সম্মান দেখিয়ে নিজে উঠে মঞ্চের সামনের সারিতে তার জন্য চেয়ার এগিয়ে দেন এবং সেখানে বসিয়ে দোয়া করান। তারেক রহমান, তার স্ত্রী ও অন্যান্য নেতারা এরপর পেছনের সারি থেকে মোনাজাতে শরিক হন।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেন।

দোয়া মাহফিলের ভিডিওতে দেখা যায়, বক্তব্য শেষে যখন মোনাজাত শুরু হবে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান মঞ্চের একপাশে বসে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। তিনি নেতাদের ইশারা করে ইমাম সাহেবকে সামনের দিকে নিয়ে আসতে বলেন। এরপর নিজেই উঠে দাঁড়িয়ে পাশের একটি খালি চেয়ার তুলে মঞ্চের একদম সামনের সারিতে নিয়ে গিয়ে রাখেন। ইমাম মাওলানা ইব্রাহিমের সাথে সালাম বিনিময়ের পর তিনি তাকে সেই চেয়ারে বসতে অনুরোধ করেন। ইমাম সাহেব সেই চেয়ারেই বসেই পুরো মোনাজাত পরিচালনা করেন।

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অসংখ্য নেটিজেন তারেক রহমানের এই সৌজন্য ও সম্মান দেখানোর ভঙ্গির প্রশংসা করেন। অনেকেই কমেন্টে লিখেন, এটি একজন ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি যথাযথ সম্মানের একটি অসাধারণ উদাহরণ।

উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ আসন (কড়াইল, মহাখালী, গুলশান, নিকেতন এলাকা) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দোয়া মাহফিলের সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।