এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

দীর্ঘ সাড়ে চার বছর পর ওয়ানডে ক্রিকেটের নম্বর ওয়ান স্থান ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দুর্ভাগ্য এই ভারতীয় তারকার। মাত্র এক সপ্তাহের মধ্যেই সিংহাসন হারিয়ে ফেললেন তিনি। আজ আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। আর টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার খুব কাছে চলে এসেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান।
ভারতের মাটিতেই এখন দাপট দেখাচ্ছেন ড্যারিল মিচেল। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তার দল ২-১ ব্যবধানে হারিয়েছে ভারতকে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিচেল এবং কোহলি দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন, জবাবে কোহলি ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। ম্যাচটা ৪১ রানে জিতে নেয় নিউজিল্যান্ড। এবার র্যাঙ্কিংয়েও কোহলিকে টপকে শীর্ষে উঠলেন মিচেল।
এছাড়া কোহলির সতীর্থ সাবেক অধিনায়ক রোহিত শর্মা চার নম্বর থেকে নেমে গেছেন। তিনে উঠেছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। শীর্ষ দশে ঢুকেছেন আরেক ভারতীয় লোকেশ রাহুল। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন তিনি। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ১১ নম্বরে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।
বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে রয়েছেন তিনি। স্বদেশী উইল ইয়ং ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে। আরেক কিউই মাইকেল ব্রেসওয়েল ৪ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে।
ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ১৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন গ্লেন ফিলিপস। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বোলারদের মধ্যে ৪ ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছেন ভারতের কুলদীপ যাদব। ৬ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে মাইকেল ব্রেসওয়েল। ভারতের হার্শিত রানা ২৭ ধাপ এগিয়ে ৫০ নম্বরে, আর্শদ্বীপ সিং ১৫ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, দুইয়ে ইংল্যান্ডের জফরা আর্চার।
টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন বরুণ চক্রবর্তী। দুইয়ে ২ ধাপ উন্নতি করে উঠেছেন রশিদ খান। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান ২ ধাপ এগিয়ে ১৪ নম্বরে। ব্যাটারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন আফগান ওপেনার ইবরাহিম জাদরান।