এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে সুখী ক্রিকেটারদের একজন রিশাদ হোসেন। দেশের চলমান ক্রিকেটীয় কিংবা রাজনৈতিক আলোচনা থেকে অনেকটাই দূরে তিনি। আপাতত পুরো মনোযোগ খেলায়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন এই লেগ স্পিনার, আর বল হাতে দারুণ ছন্দেই আছেন তিনি।
এর আগেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্য দেখিয়েছেন রিশাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ৭ ম্যাচ, নিয়েছেন ১৩ উইকেট। ওই দলে তাঁর সতীর্থ ছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার স্যাম বিলিংস। মাঠে খেলতে খেলতেই দুজনের মধ্যে গড়ে ওঠে ভালো বন্ধুত্ব।
এখন রিশাদ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেললেও, স্যাম বিলিংস ছিলেন বাংলাদেশে—বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে। ব্যস্ত সূচির মাঝেও রিশাদের পারফরম্যান্স নজর এড়ায়নি বিলিংসের।
সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিলিংস জানান, তিনি চান রিশাদ হোসেন ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলুক। এ নিয়ে তিনি নিজেও চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
বিলিংস বলেন, ‘পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় স্পিন বোলিং করা সাধারণত কঠিন। কিন্তু রিশাদ সেখানে অসাধারণ পারফর্ম করেছে। সে আরও অনেক দূর যাবে, তার ভবিষ্যৎ নিঃসন্দেহে খুব উজ্জ্বল। আমি ওকে কেন্টের হয়ে খেলানোর চেষ্টা করছি।’
রিশাদের ভূয়সী প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘সে একজন দারুণ বোলার। আমার সত্যিই মনে হয়, সে সময়ের সেরা বোলারদের একজন হতে পারে। খুবই বিনয়ী, কঠোর পরিশ্রমী এবং সবসময় হাসিখুশি একজন মানুষ।’