ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

হেলিকপ্টারে উড়ে এলো বিপিএলের ঝলমলে ট্রফি, মিরপুরে জমকালো উদ্বোধনে চরম রোমাঞ্চ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

হেলিকপ্টারে উড়ে এলো বিপিএলের ঝলমলে ট্রফি, মিরপুরে জমকালো উদ্বোধনে চরম রোমাঞ্চ

ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটার একটু পর। মিরপুরের আকাশ চিরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নামল সাদা-কালো রঙে মোড়ানো একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটি মাঠে অবতরণ করতেই দর্শকদের চোখ আটকে গেল এক ঝলকে—বিপিএলের বহুল প্রতীক্ষিত হীরা বসানো ট্রফি হাতে নিয়ে নামলেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার আকবর আলী ও বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ ক্রিকেটে এই দুজনই আলাদা করে ইতিহাস গড়েছেন। সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী দল জিতেছিল ২০১৮ সালের এশিয়া কাপ, আর আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে দেশ।

লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি পোডিয়ামে তুলে রাখেন সালমা ও আকবর। এরপর ফাইনালের দুই অধিনায়ক—রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী—একসঙ্গে উন্মোচন করেন বিপিএলের নতুন এই ট্রফি। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের চারপাশে ছড়িয়ে পড়ে রঙিন ধোঁয়া, আলো আর শব্দে হোম অব ক্রিকেট পরিণত হয় উৎসবের মঞ্চে।

এই পর্ব শেষে বিশেষ একটি গাড়িতে করে পুরো মাঠ ঘুরিয়ে দর্শকদের সামনে প্রদর্শন করা হয় ট্রফিটি। এতে গ্যালারিতে থাকা দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়।

এবারের বিপিএল শুরুর আগ থেকেই আলোচনায় ছিল প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি এই ট্রফি। সাধারণত ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন হলেও এবার দেখা গেল ভিন্ন আয়োজন। ফাইনাল শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই সম্পন্ন করা হলো সব আনুষ্ঠানিকতা।

ট্রফি উন্মোচনের পাশাপাশি ছিল বিনোদনের চমকও। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্থা পারভেজের পারফরম্যান্স দর্শকদের মাতিয়ে তোলে। নাচ শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিশা, যা বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

৩৩টি ম্যাচ আর প্রায় এক মাসের প্রতিদ্বন্দ্বিতা শেষে আজ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। চলতি আসরে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে, যেখানে দুই ম্যাচ জিতে এগিয়ে আছে চট্টগ্রাম।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়েই ফাইনালে ওঠে শেখ মেহেদীর দল। এর আগে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপা জিতলেও চট্টগ্রামের কোনো দল এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। গত আসরেও তারা ফাইনালে উঠেছিল, তবে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার বন্দরনগরীর সামনে নতুন করে ইতিহাস গড়ার সুযোগ।