এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

বিপিএলের ফাইনালের মতো বড় মঞ্চে প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে চট্টগ্রাম রয়েলস। মাত্র ৫.৪ ওভারে ৩৯ রান তুলতেই প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছে দলটি।
তবুও সামনে সুযোগ এখনো আছে চট্টগ্রামের। এ নিয়ে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জয়ের সুযোগ পেল দলটি। এর আগে দু’বার ফাইনাল খেললেও ট্রফির স্বাদ পায়নি চট্টগ্রাম। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে তারা।
এর আগে শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে দলটি।
ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েন তানজিদ হাসান তামিম।
এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ক্রিস গেইল এবং ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ইকবাল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন।
বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আজ রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ঝলমলে ১০০ রানের ইনিংস খেলেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম গড়ে তোলেন দুর্দান্ত জুটি। ওপেনিং জুটিতে মাত্র ১০.২ ওভারে আসে ৮৩ রান।
পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩০ রান করে আউট হন।
এরপর পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নেন তানজিদ। মাত্র ২৯ বলে ছয়টি ছক্কায় পূর্ণ করেন ফিফটি। পরের ৩১ বলে সেঞ্চুরি করে বিপিএল ফাইনালে নতুন রেকর্ড গড়েন তিনি। তবে বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। এরপর শেষ ৭ বলে ১১ রান যোগ করতে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় রাজশাহী।
রাজশাহীর হয়ে তানজিদ করেন ১০০ রান, শাহিবজাদা ফারহান করেন ৩০ রান। ১৫ বলে ২৪ রান যোগ করেন কেন উইলিয়ামসন। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ৭ বলে ১১ রান করে আউট হন।