ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

৬৩ রানের দাপুটে জয়ে চট্টগ্রামকে উড়িয়ে আবারও বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী, মিরপুরে শিরোপার উল্লাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম

৬৩ রানের দাপুটে জয়ে চট্টগ্রামকে উড়িয়ে আবারও বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী, মিরপুরে শিরোপার উল্লাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও চ্যাম্পিয়নের মুকুট পরল রাজশাহীর মাথায়। ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল রাজশাহী রয়েলস। পাঁচ বছর পর সেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আবার ইতিহাস গড়ল দলটি।

আজ ২৩ জানুয়ারি বিপিএলের ১২তম আসরের ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসে রাজশাহী। এবারের আসরে নাম বদলে রাজশাহী ওয়ারিয়র্স হিসেবে মাঠে নামা দলটি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দারুণ পারফরম্যান্স দেখায়।

শুক্রবার ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী। তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে তারা।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। একের পর এক উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ।

আরেক পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের ৭ জন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। এর ফলে বিপিএলে তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।

রাজশাহীর বোলাররাও ছিলেন দুর্দান্ত। লংকান পেসার বিনু ফার্নান্দো মাত্র ৩ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রানে শিকার করেন ৩ উইকেট। জেমস নিশাম নেন ২ উইকেট।

এর আগে রাজশাহীর ইনিংসে ওপেনিং জুটিতেই ম্যাচের ভিত গড়ে দেন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। দু’জন মিলে ১০.২ ওভারে ৮৩ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন। ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩০ রান করে ফেরেন শাহিবজাদা ফারহান।

এরপর পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নেন তানজিদ। ২৯ বলে ছয়টি ছক্কায় পূর্ণ করেন ফিফটি। পরের ৩১ বলে সেঞ্চুরি করে বিপিএল ফাইনালে নতুন রেকর্ড গড়েন তিনি। যদিও বিপিএলে এটি ছিল তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংস আর খুব বেশি বড় করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে ৭ বলে ১১ রান করতে গিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাজশাহীর হয়ে তানজিদ হাসান তামিম করেন অপরাজিত ১০০ রান। শাহিবজাদা ফারহান করেন ৩০ রান। কেন উইলিয়ামস ১৫ বলে যোগ করেন ২৪ রান। আর নাজমুল হোসেন শান্ত শেষ দিকে ৭ বলে ১১ রান করে আউট হন।