এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০১ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চমকপ্রদ এক দাবি করলেন। তিনি বলেছেন, ভাঙা-গড়ার এই বৈশ্বিক পরিস্থিতিতে তুরস্কই বিশ্বের অন্যতম প্রধান ও কেন্দ্রীয় শক্তিতে পরিণত হবে। ভবিষ্যতের বিশ্বব্যবস্থায় তাদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তুর্কি উদ্যোক্তা ও ব্যবসায়ী কনফেডারেশনের এক বিশেষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান বলেন, "আমরা সিরিয়ার মতোই এক নতুন যুগে প্রবেশ করছি। এই যুগে আমাদের কষ্ট ও সংগ্রামের ফল ধীরে ধীরে পেতে শুরু করব।"
তিনি আরও যোগ করেন, "বিশ্ব এখন ঠিক সেই দিকেই হাঁটছে, যা আমরা বহু বছর ধরে বলে আসছি। বৈশ্বিক রাজনীতি নিয়ে আমাদের দীর্ঘদিনের সমালোচনা কতটা সঠিক ছিল, আজ সেটা সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে।"
তুরস্কের প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, "আমি মনে করি আপনারা সবাই দাভোসে চলমান আলোচনাগুলো লক্ষ্য করছেন। যারা বছরের পর বছর আমাদের সত্য কথা বলার জন্য সমালোচনা করত, আজ তারাই আমাদের মতো একই কথা বলছে। তারা এখন বৈশ্বিক অন্যায় ও বর্তমান বিশ্বব্যবস্থার ভুল দিকগুলো নিয়ে কথা বলছে।"
তুরস্কের উজ্জ্বল ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে এরদোয়ান বলেন, "নতুন নতুন দরজা খুলছে, নতুন সুযোগ আসছে এবং আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা একেবারে নতুন এক যাত্রায় রয়েছি, যেখানে আমাদের সাফল্যের কথা সবার মুখে মুখে ফিরবে। আমাদের এই সাফল্য বন্ধু এবং শত্রু সবার কাছেই আলোচনার বিষয় হবে। আর শেষ পর্যন্ত এক মহান ও শক্তিশালী তুরস্কের জন্ম হবে।"
এরদোয়ান আরও জানিয়েছেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের অভূতপূর্ণ সাফল্য এখন বিশ্বজুড়ে তুমুল চাহিদা পেয়েছে। তাদের তৈরি বিমান, হেলিকপ্টার, ড্রোন, যুদ্ধবিমান, নৌজাহাজ সহ সব ধরনের সামরিক সরঞ্জামের অর্ডারে তারা এখন হিমশিম খাচ্ছে।