ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

আইএস দমনের নামে নতুন চাল? সিরিয়া থেকে ৭ হাজার জঙ্গি ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০১ পিএম

আইএস দমনের নামে নতুন চাল? সিরিয়া থেকে ৭ হাজার জঙ্গি ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে হাজার হাজার ইসলামিক স্টেট (আইএস) বন্দিকে নতুন গন্তব্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সিরিয়ার বিভিন্ন কারাগারে আটক থাকা প্রায় ৭ হাজার আইএস সদস্যকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা জানান, প্রতিদিন শত শত আইএস বন্দিকে সিরিয়া–ইরাক সীমান্ত পার করে ইরাকে নেওয়া হচ্ছে। সবচেয়ে বিপজ্জনক আইএস যোদ্ধাদেরই আগে স্থানান্তর করা হচ্ছে, যা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার জানায়, ইতোমধ্যেই সিরিয়ার হাসাকা প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে অন্তত ১৫০ আইএস বন্দিকে ইরাকে পাঠানো হয়েছে। সম্ভাব্য কারাগার ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার পর থেকেই এসব কারাগারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই মঙ্গলবার সিরিয়ার শাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ নিম্নস্তরের আইএস যোদ্ধা পালিয়ে যায়। পরে সিরীয় সরকারি বাহিনী তাদের অনেককে আবার আটক করতে সক্ষম হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়াতে পারে। ইরান আগেই সতর্ক করে আসছে—আইএসকে ব্যবহার বা পুনর্বাসনের মাধ্যমে যদি আবার অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করা হয়, তাহলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।