এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভ আর উত্তর-পূর্বের বড় শহর খারকিভ গভীর রাতে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় কেঁপে উঠেছে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
হামলার সময় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে লিখে জানান, শহরটি বড় ধরনের শত্রু হামলার মুখে পড়েছে। তিনি সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে মেয়র আরেকটি পোস্টে জানান, হামলায় কয়েকটা অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটা ভবনে আগুন লেগে যায়। এতে কিয়েভের কিছু এলাকায় পানি আর বিদ্যুৎ-তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এদিকে রাশিয়ার সীমান্তের কাছে থাকা ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভেও একই সময়ে হামলা হয়েছে। শহরের মেয়র ইগর তেরেখভ জানান, ইরানে তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।
পুরো রাতজুড়ে আকাশে বিস্ফোরণের শব্দ আর আগুনের আভা—ইউক্রেনের মানুষের জন্য আরেকটা ভয়ংকর রাত কেটেছে।