ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

গুগল ফটোসে নতুন এআই ফিচার ‘মি মিম’, নিজের ছবি দিয়ে মজার মিম বানানো সম্ভব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

গুগল ফটোসে নতুন এআই ফিচার ‘মি মিম’, নিজের ছবি দিয়ে মজার মিম বানানো সম্ভব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার আরও সহজ করতে গুগল চালু করেছে নতুন মিম তৈরির ফিচার।
গুগল ফটোস অ্যাপে যুক্ত এই ফিচারের নাম ‘মি মিম’, যা ব্যবহারকারীদের নিজেদের ছবি ব্যবহার করে এআই-চালিত ব্যক্তিগত মিম তৈরি করার সুযোগ দেবে।

গুগলের ভাষ্য অনুযায়ী, মি মিম হলো একটি সহজ টুল, যা ব্যবহারকারীরা নিজের ছবি দিয়ে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে আগে থেকে দেওয়া মিম টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, অথবা নিজের পছন্দের মজার ছবি আপলোড করেও মিম বানাতে পারবেন।

ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। গুগলের এক মুখপাত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। ফিচার চালু হলে গুগল ফটোস অ্যাপে ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করে ‘মি মিম’ নির্বাচন করলেই ব্যবহার করা যাবে। এরপর একটি টেমপ্লেট বেছে নিয়ে একটি রেফারেন্স ছবি যোগ করতে হবে। পছন্দ না হলে মিমটি পুনরায় তৈরি (রিজেনারেট) করার অপশনও থাকবে।

গুগল জানিয়েছে, এই ফিচার সবচেয়ে ভালো কাজ করে ভালো আলোতে তোলা, পরিষ্কার এবং সামনে থেকে তোলা পোর্ট্রেট ছবি ব্যবহার করলে। তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে, তাই তৈরি হওয়া মিম সবসময় মূল ছবির সঙ্গে পুরোপুরি মিল নাও হতে পারে।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিম সংস্কৃতিকে কাজে লাগিয়ে গুগল ফটোসে এই ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন বিনোদন বাড়ানো এবং এআই ব্যবহারে উৎসাহ দেওয়াই গুগলের লক্ষ্য।