এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

বাংলাদেশের দাবা জগতের এক জীবন্ত কিংবদন্তি রানী হামিদ। বয়সটা শুনলে চমকে যাবেন— আশি পেরিয়ে দুই বছরও গড়িয়েছে! কিন্তু এত বয়সেও তার গতিতে কোন ভাটা নেই। খেলা চলছে নিয়মিত, আর ট্রফিও জুটে চলছে হাতে হাতে। ঠিক যেমনটা হলো এই বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)। বাংলাদেশ মহিলা দাবা লিগের শিরোপা জিতেছে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি, আর সবকিছুতে অপরাজিত থেকেছে তারা।
রানী হামিদের নেতৃত্বে এই জয়ী দলে ছিলেন আরো পাঁচ শক্তিশালী খেলোয়াড়: নুশরাত জাহান আলো, শারমীন সুলতানা শিরিন, জান্নাতুল ফেরদৌস, নীলাভা চৌধুরী এবং ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মাস্টার।
এই বয়সে লিগে নাম লেখানো আর শিরোপা জেতার দল গড়া যে সবার জন্য নয়, তা নিশ্চিত। কিন্তু রানী হামিদের কাছে এ যেন পানির মতো সহজ! উচ্ছ্বসিত চ্যাম্পিয়ন বলেন, "আমি চারটি গেম খেলেছি। দলের সবাই দারুণ খেলেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আগের আসরে তো আমি পুলিশ দলের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম!"
নিয়মিত অনুশীলনই তার সাফল্যের রহস্য বলে মনে করেন এই প্রবীণ খেলোয়াড়। তিনি জানান, "আমি তো নিয়মিতই খেলি। শরীরটা যদি ঠিক থাকে, মনটা যদি সচল থাকে, তাহলে খেলতে কোন সমস্যা কি? ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩-এ পা দেবো। যতদিন স্বাস্থ্য ভালো থাকবে, ততদিন খেলেই যাব।"
লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ ম্যাচে সংগ্রহ করে ১৩ পয়েন্ট। একই পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ নৌবাহিনী দল। সমতা ভাঙতে শেষ ভরসা ছিল গেম পয়েন্ট। সেখানেই ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিয়ে যায় আনসার ও ভিডিপি। ২২.৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে খেলেছেন আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু এবং কাজী জারিন তাসনিম।