ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬ | ২৬ মাঘ ১৪৩২
Logo
logo

ভারত-পাকিস্তান ম্যাচে রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তা! শ্রীলঙ্কা কলম্বোকে লকডাউন করে দিচ্ছে T20 বিশ্বকাপে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচে রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তা! শ্রীলঙ্কা কলম্বোকে লকডাউন করে দিচ্ছে T20 বিশ্বকাপে 

T20 বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে হট ম্যাচ ভারত বনাম পাকিস্তান! ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচ হবে। পাকিস্তান দল বয়কটের হুমকি দিলেও এখনো সিদ্ধান্ত নেয়নি সলমন আলি আঘা আর বাবর আজমরা খেলবে কি না। কিন্তু শ্রীলঙ্কা কোনো রকম ঝুঁকি নিতে চায় না। তারা বলছে, এই ম্যাচের জন্য পুরো কলম্বোকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হবে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত আর পাকিস্তান দলের জন্য রাষ্ট্রপ্রধানের সমান উচ্চমানের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এলিট কমান্ডো ইউনিট মোতায়েন থাকবে, যা সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য ব্যবহার হয়। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে বেরিয়ে ম্যাচ শেষ করে আবার বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র বাহিনীর কড়া নজরদারিতে থাকবেন। ভারত-পাক ম্যাচে এই নিরাপত্তা আরও বাড়ানো হবে।

বিভিন্ন সূত্রে খবর, পাকিস্তান দল ইতিমধ্যে কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলেছে। ২ ফেব্রুয়ারি তারা কলম্বো পৌঁছাবে। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ না খেললে পিসিবি বার্ষিক চুক্তির টাকা পাবে না—যা প্রায় ৩১৬ কোটি টাকা! এত বড় লোকসানের ঝুঁকি নিয়ে পাকিস্তান চরম সিদ্ধান্ত নেবে না বলে মনে করা হচ্ছে। তাই ধরে নেওয়া যায়, ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েক এএফপিকে বলেছেন, “কোনো আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না কলম্বো। ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে বিরোধ চলছে, আমরা নিরপেক্ষ। তিন দেশই আমাদের বন্ধু। অনুরোধ করলে ভবিষ্যতে যেকোনো দেশের জন্যই টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা।”

অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন, “পুরো প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। ভারত-পাকিস্তান ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।” পুলিশ আর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের এলিট নিরাপত্তা সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যই দেওয়া হয়। এবার সব দলের জন্যই এমন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।