এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

টেনিস দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে সেরিনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই কিংবদন্তি তারকা আবার পেশাদার টেনিসে ফিরতে পারেন—এমন ইঙ্গিত নিজেই দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ডোপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফর্মও পূরণ করেছেন সেরিনা, যা গুঞ্জনকে আরও জোরালো করেছে।
সম্প্রতি ডোপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর থেকেই সেরিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। ২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই তারকা। তবে গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানায়, সেরিনাকে আবারও ডোপিং বা ড্রাগ টেস্টিং পুলে থাকা খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেই সময় সেরিনা বলেছিলেন, তিনি কোর্টে ফিরছেন না। কিন্তু গত বুধবার ‘টুডে শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। সেরিনা বলেন, “আমি জানি না, দেখা যাক কী হয়।”
সাক্ষাৎকার গ্রহণকারী সাভানা গুথরি এ বিষয়ে আবার প্রশ্ন করলে সেরিনা হেসে বলেন, “সত্যিই, টুডে শো-তে এই প্রশ্ন? ওহ মাই গুডনেস! আমি এখন শুধু জীবন উপভোগ করছি, মজা করছি। এটা হ্যাঁ বা না বলার বিষয় নয়। আমি জানি না—দেখা যাক কী হয়।”
তিনি আরও জানান, “আমার দুই সন্তান আছে। আমি এখন পূর্ণ সময়ের গৃহবধূ। সেদিন একটি ফর্ম পূরণ করার সময় পেশার জায়গায় লিখেছি—‘হাউসওয়াইফ’।”
ড্রাগ টেস্টিং পুলে ফেরার বিষয়টি নিয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখেই সেরিনা বলেন, “আমি কি আবার টেনিসে ফিরছি? আমি জানিও না, আমি এর বাইরে ছিলাম কি না। এ নিয়ে কিছু বলতে পারব না।” নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে হলে একজন খেলোয়াড়কে অন্তত ছয় মাস টেস্টিং পুলে থাকতে হয়।
সেরিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর তিনি বলেন, “সেরিনার ফেরা দারুণ হবে। শুনেছি ও জীবন উপভোগ করছে। ও যা করলে খুশি হয়, তাতেই আমি খুশি। ফিরতে চাইলে সেটা ওর সিদ্ধান্ত। ওকে আবার ট্যুরে দেখতে পারলে দারুণ লাগবে।”