এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম

বিএনপির রাজনীতির কেন্দ্রে আছে ভেদাভেদ ভুলে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা। দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান এই বার্তাই দিয়েছেন, একথা বলে যে, "ক্ষমতার আগে জনতা, আর সবার আগে বাংলাদেশই" তাদের মূল লক্ষ্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি উপস্থিত নগরবাসী ও ভোটারদের উদ্দেশে বলেন, "আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।"
তার ভাষায়, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। তিনি বলেন, "এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।"
ডা. জুবাইদা রহমান বিএনপির সমাজ নির্মাণের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "আমরা দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।"
তিনি আরও ব্যাখ্যা করেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে "নেতার আগে জনতা" স্থান পাবে। তিনি জনগণের প্রতি তার দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, "আজ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা সবাই একসঙ্গে আছেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেগুলো আরও শুনবো, আরও জানবো।"
তিনি বলেন, জনগণের সাথে ঘনিষ্ঠ বোঝাপড়া ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদা দেওয়া যায় এমন রাষ্ট্র গঠন করাই বিএনপির লক্ষ্য।
এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।